পুরাতন মালদা পুরসভার ১৪ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত হল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান শিবির। এই অনুষ্ঠানিক শিবিরে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলার সৌমেন সরকার, গৌড় মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ নিলাঞ্জন মিধা সহ অন্যান্যরা।
জানা গিয়েছে, মঙ্গলবার পুরাতন মালদা পুরসভার ১৪ নং ওয়ার্ডের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানিক শিবির। এদিন ১৪ নং ওয়ার্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছিল এই শিবিরের। পরীক্ষার্থীদের পরীক্ষায় সাফল্য কামনা করে তাদের শুভেচ্ছা জানানো হয়। এর পাশাপাশি এদিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের কিছু পরীক্ষা সংক্রান্ত সামগ্রি তুলে দেওয়া হয়।
পুরাতন মালদা পুরসভার কাউন্সিলার সৌমেন সরকার জানান, এই পরীক্ষা প্রস্তুতি অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদদের দ্বারা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার নিয়মকানুন, প্রশ্নপত্রের, ছাত্রছাত্রীদের মানসিক ভারসাম্যের উপর আলোকপাত করা হয়েছে।